জনগণনা ২০২৭-এর প্রথম পর্বের কাজকে ঘিরে ধলাই জেলার আমবাসা মহকুমায় তৈরি হয়েছে উৎসবের আবহ। ১ আগস্ট থেকে শুরু হয়েছে ঘর ও বাড়ি গণনার কাজ। আগামী ৩০ আগস্টের মধ্যে এক মাসের সময়সীমায় বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে গণনাকর্মীদের।
আমবাসা ব্লকের অন্তর্গত বাসুদেবপাড়া এলাকাতেও জোরকদমে চলছে গণনার কাজ। এলাকায় নিযুক্ত গণনাকর্মী পারমিতা মজুমদার ও সুস্মিতা আচার্য জানান, সরকারি দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তারা আন্তরিকভাবে কাজ করে চলেছেন। তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকেও ভালো সহযোগিতা পাওয়া যাচ্ছে বলে জানান তারা।
তবে দুর্গম ও অভ্যন্তরীণ এলাকায় কাজ করতে গিয়ে কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে গণনাকর্মীদের। বিশেষ করে ভাষাগত পার্থক্যের কারণে অনেক সময় তথ্য বোঝানো ও সংগ্রহে কিছুটা অসুবিধা হচ্ছে। পাশাপাশি দিনের বেলায় অনেক বাড়িতে পুরুষ সদস্যদের অনুপস্থিতির কারণেও তথ্য সংগ্রহের ক্ষেত্রে বাড়তি সময় লাগছে বলে জানা গেছে।
সব প্রতিকূলতা কাটিয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রথম পর্বের ঘর ও বাড়ি গণনার কাজ সম্পন্ন করতে গণনাকর্মীরা নিরলসভাবে কাজ করে চলেছেন। প্রশাসনের পক্ষ থেকেও সঠিক ও নির্ভুল তথ্য প্রদানে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান