পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলার কাবাল থানার কাছে এক ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত এবং প্রায় ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় সন্ত্রাসবাদবিরোধী একটি শান্তি মিছিল চলাকালে অজ্ঞাতপরিচয় এক আত্মঘাতী হামলাকারী কাবাল থানার ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি চালানোর উদ্যোগ নিলে হামলাকারী নিজ শরীরে থাকা বিস্ফোরক বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখনও পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় পুলিশের ধারণা, অঞ্চলটিতে সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।
এদিকে একই দিনে খাইবার পাখতুনখোয়ার অন্যান্য এলাকাতেও সহিংসতার ঘটনা ঘটেছে। পেশোয়ারের কাছে একটি টোল প্লাজায় আইইডি (IED) বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত হন। এছাড়া হাংগু এলাকার একটি পুলিশ চৌকিতে হামলায় আরও নয়জন পুলিশ সদস্য প্রাণ হারান।
একই দিনে একাধিক হামলার ঘটনায় খাইবার পাখতুনখোয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হামলাগুলোর পেছনে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত অব্যাহত রেখেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান