Thursday, August 6, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি দেশ জলপাইগুড়িতে বেআইনি মদের ঠেকে প্রমিলা বাহিনীর হানা, মদ নষ্ট; অভিযুক্ত গ্রেফতার

জলপাইগুড়িতে বেআইনি মদের ঠেকে প্রমিলা বাহিনীর হানা, মদ নষ্ট; অভিযুক্ত গ্রেফতার

জলপাইগুড়িতে বেআইনি মদের ঠেকে প্রমিলা বাহিনীর হানা, মদ নষ্ট; অভিযুক্ত গ্রেফতার

জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার আশিঘরে দীর্ঘদিন ধরে চলা একটি বেআইনি মদের ঠেকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মহিলারা। প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে একজোট হয়ে তাঁরা অভিযুক্তের বাড়িতে হানা দিয়ে মজুত থাকা দেশি ও বিলাতি মদ নষ্ট করে দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আশিঘর এলাকার একটি বাড়িতে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দেশি ও বিদেশি মদ মজুত রেখে ব্যবসা চালানো হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি একাধিকবার পুলিশ প্রশাসনের নজরে আনা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এর জেরে ক্ষুব্ধ হয়ে স্থানীয় মহিলারা প্রমিলা বাহিনী গঠন করে অভিযুক্তের বাড়িতে হানা দেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযানের সময় বাড়ির মালিকের সঙ্গে মহিলাদের বচসা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির ঘটনাও ঘটে। ক্ষুব্ধ মহিলারা অভিযুক্ত মদ কারবারীকে মারধর করেন বলেও অভিযোগ উঠেছে।

খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ অভিযুক্ত শংকর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এবং ঘটনাস্থল থেকে মজুত থাকা মদ বাজেয়াপ্ত করার আশ্বাস দেয়।

এদিকে গ্রামবাসীদের একাংশের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং পুলিশের বিরুদ্ধে ওঠা মাসোহারা নেওয়ার অভিযোগের কারণেই দীর্ঘদিন ধরে এই বেআইনি ব্যবসা চলছিল। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু একজনকে গ্রেফতার করলেই সমস্যার সমাধান হবে না। এলাকায় বেআইনি মদের কারবার সম্পূর্ণভাবে বন্ধ করে মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha