রাশিয়া-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই মস্কোমুখী এফবিআই প্রধান!
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যখন তীব্র উত্তেজনা, ঠিক সেই সময়ই রাশিয়া সফরের পরিকল্পনা করছেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী অক্টোবরের মাঝামাঝি, সম্ভাব্য ১৪ থেকে ১৫ অক্টোবর, মস্কো সফর করতে পারেন প্যাটেল। সফরসূচিতে মস্কোর পাশাপাশি সেন্ট পিটার্সবার্গও থাকতে পারে বলে জানা গেছে।
তবে এই সফরের মূল উদ্দেশ্য কী—তা এখনো স্পষ্ট নয়। রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবির কর্মকর্তাদের সঙ্গে প্যাটেলের বৈঠক হতে পারে বলেও জল্পনা রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে কি না, সেটিও এখনও নিশ্চিত নয়।
এদিকে, কাশ প্যাটেলের রাশিয়া সফরের সম্ভাবনা ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে আগ্রহ। ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তের সময়ও আলোচনায় এসেছিল তাঁর নাম।
এখন এফবিআই পরিচালক হিসেবেই সম্ভাব্য মস্কো সফর ঘিরে নজরদারি বাড়ছে মার্কিন কংগ্রেসে।
ইউক্রেন যুদ্ধের আবহে ওয়াশিংটন-মস্কো সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই কাশ প্যাটেলের এই সম্ভাব্য সফর—কী বার্তা বহন করবে, এখন সেটাই বড় প্রশ্ন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান