ওড়িশার পারাদ্বীপ উপকূলে সফলভাবে সম্পন্ন হল ১২তম জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার মহড়া SAREX 26। মহড়াটি সরেজমিনে প্রত্যক্ষ করেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর মহাপরিচালক পরমেশ শিবমণি, AVSM, PTM, TM।
SAREX 26-এ ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর একাধিক জাহাজের পাশাপাশি কোস্ট গার্ডের হেলিকপ্টার ও ডর্নিয়ার বিমান অংশ নেয়। ভারতীয় বায়ুসেনার C-130J বিমান, কাস্টমসের বিভিন্ন যানবাহন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ও অংশীদাররাও মহড়ায় অংশগ্রহণ করে। অত্যন্ত সমন্বিত পরিকল্পনা ও দক্ষতার সঙ্গে গোটা উদ্ধার প্রক্রিয়া পরিচালিত হয়।
আকাশবাণী নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর মহাপরিচালক পরমেশ শিবমণি জানান, সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে উপকূলরক্ষী বাহিনী প্রস্তুত। ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাস্তবসম্মত অনুসন্ধান ও উদ্ধার অভিযান আরও জোরদার করার লক্ষ্যেই বিদেশি পর্যবেক্ষকদের SAREX 26-এর পরিকল্পনা ও কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
এবারের মহড়ায় ৩০টি বন্ধুত্বপূর্ণ দেশের মোট ৩২ জন বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থেকে ভারতের সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার সক্ষমতা প্রত্যক্ষ করেন।
অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের সুপারিনটেনডেন্ট ব্লেইস টেলরও ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। ICGS Samudra Pratap-এ আকাশবাণী নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ভারতীয় কোস্ট গার্ড নেতৃত্বদায়ী ভূমিকা তুলে ধরছে। প্রতিবেশী দেশগুলির সঙ্গে সহযোগিতার ক্ষেত্রেও ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।
SAREX 26-এর সফল সমাপ্তি সামুদ্রিক বিপর্যয়ের সময় দ্রুত ও সমন্বিত উদ্ধার অভিযানে ভারতের সক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি দেশের অঙ্গীকারকে আরও একবার তুলে ধরল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান