Monday, August 10, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি দেশ মমতার গাড়িতে ইট-জুতো ছোড়ার অভিযোগ, বিধানসভায় প্রতিবাদের ডাক কুণাল ঘোষের

মমতার গাড়িতে ইট-জুতো ছোড়ার অভিযোগ, বিধানসভায় প্রতিবাদের ডাক কুণাল ঘোষের

মমতার গাড়িতে ইট-জুতো ছোড়ার অভিযোগ, বিধানসভায় প্রতিবাদের ডাক কুণাল ঘোষের

হালিশহরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা, মমতাপন্থী ও ঋতব্রতপন্থী বিধায়কদের একসঙ্গে প্রতিবাদে নামার আহ্বান

হালিশহরে পুলিশ কাস্টডিতে মৃত এক তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে। অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ইট, জুতো, কাদা ও জলের বোতল ছোড়া হয়। পাশাপাশি শোনা যায় ‘চোর-চোর’ স্লোগানও।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ দলের সমস্ত বিধায়ককে আজ দুপুরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিক্ষোভে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর আহ্বানে মমতাপন্থী বিধায়কদের পাশাপাশি দলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণে ঋতব্রতপন্থী হিসেবে পরিচিত বিধায়কদেরও প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা বলা হয়েছে।

দলের অভ্যন্তরে মমতাপন্থী ও ঋতব্রতপন্থী দুই শিবিরের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের আবহেই এই যৌথ প্রতিবাদের ডাক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। হালিশহরের ঘটনাকে সামনে রেখে দলের বিধায়কদের এক মঞ্চে এনে ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা হিসেবেও এই কর্মসূচিকে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, বিধানসভায় প্রস্তাবিত এই প্রতিবাদ কর্মসূচিতে বিমান বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, আলিয়া আহমেদ, কুণাল ঘোষ-সহ অন্যান্য তৃণমূল বিধায়কদের উপস্থিত থাকার কথা রয়েছে।

হালিশহরের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের এই প্রতিবাদ কতটা রাজনৈতিক মাত্রা পায় এবং দলের দুই শিবিরের বিধায়করা কতটা একসঙ্গে কর্মসূচিতে অংশ নেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha