ব্রিকসের সদস্য দেশগুলি বিশ্বব্যাপী উদ্ভাবন ও সমস্যার সমাধানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে ব্রিকস বিজনেস ফোরামের লিডার্স সেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, বর্তমানে ব্রিকস দেশগুলি বিশ্বের প্রায় ৫০ শতাংশ জনসংখ্যা, ৪০ শতাংশ জিডিপি এবং ২৫ শতাংশেরও বেশি বৈশ্বিক বাণিজ্যের প্রতিনিধিত্ব করছে। গত কয়েক বছরে যেখানে বিশ্বের সামগ্রিক জিডিপি প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে, সেখানে ব্রিকস দেশগুলির সম্মিলিত জিডিপি প্রায় সাড়ে চার গুণ বেড়েছে। তাঁর দাবি, বিশ্বের অন্যান্য অংশের তুলনায় ব্রিকসের অর্থনৈতিক শক্তি প্রায় দ্বিগুণ গতিতে বৃদ্ধি পেয়েছে।
মোদি বলেন, ব্রিকস দেশগুলিতে তৃণমূল স্তরের উদ্যোগ থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি পর্যন্ত উদ্ভাবনের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার ক্ষেত্রে আস্থার উৎস হিসেবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী ‘মেক ইন ইন্ডিয়া, ইনোভেট উইথ ইন্ডিয়া এবং স্কেল ফর দ্য ওয়ার্ল্ড’-এর আহ্বান জানান। বিশ্বজুড়ে যখন বাণিজ্যিক প্রতিবন্ধকতা বাড়ছে, তখন ভারত অর্থনৈতিক সেতুবন্ধন তৈরির পথে এগোচ্ছে বলেও জানান তিনি।
বিশ্ব বাণিজ্যের অগ্রগতির জন্য সমুদ্রপথ নিরাপদ রাখা, সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ কারণেই ভারত সমুদ্রপথের স্বাধীনতা এবং নাবিকদের নিরাপত্তার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছে বলে জানান তিনি।
ব্রিকসের লক্ষ্যকে বাস্তব কর্মসূচিতে রূপ দেওয়ার পাশাপাশি সম্মিলিত শক্তিকে বিশ্বের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধানে কাজে লাগানোর জন্য সদস্য দেশগুলির প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী মোদি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান