যশোভূমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করলেন ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) 2026-এর দশম সংস্করণ। চার দিনের এই আয়োজনে ভারতের টেলিকম ক্ষেত্র, ডিজিটাল সংযোগ এবং প্রযুক্তিগত উদ্ভাবনের অগ্রগতি তুলে ধরা হচ্ছে। এবারের সম্মেলনের মূল ভাবনা ‘Scale Without Boundaries’, অর্থাৎ ‘সীমাহীন প্রসার’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বছরের পর বছর ধরে ভারতের টেলিকম ও ডিজিটাল সংযোগের বিবর্তনের সাক্ষী হয়ে উঠেছে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। তাঁর কথায়, এই মঞ্চ এখন ভারতের অগ্রগতি, সক্ষমতা এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষার অন্যতম প্রদর্শনী।
প্রধানমন্ত্রী জানান, দেশের প্রতিটি জেলায় ৫জি সংযোগ পৌঁছে গিয়েছে। বর্তমানে সারা দেশে ৫জি পরিষেবা দেওয়ার জন্য ৫ লক্ষ ৫০ হাজারেরও বেশি বেস স্টেশন চালু রয়েছে। পাশাপাশি বিভিন্ন ডিজিটাল ও অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় ২৫ কোটি পড়ুয়াকে সংযুক্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
মোদি বলেন, ডিজিটাল সংযোগ শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং সরকারি পরিষেবাকে আরও সহজলভ্য করে তুলেছে। প্রত্যন্ত গ্রামের শিশু এবং দরিদ্র পরিবারের পড়ুয়ারাও এখন উন্নতমানের জ্ঞান ও শিক্ষার সুযোগ পাচ্ছে। গত ১০-১২ বছরে মোবাইল ফোন শুধু আধুনিক যোগাযোগের মাধ্যম নয়, সুশাসনেরও গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
ডিজিটাল শিক্ষার প্রসঙ্গে প্রধানমন্ত্রী DIKSHA প্ল্যাটফর্মের গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, কোভিড-১৯ মহামারির সময় DIKSHA-য় জুলাই ২০২২ পর্যন্ত ৫০০ কোটিরও বেশি লার্নিং সেশন এবং প্রায় ৬ হাজার কোটি লার্নিং মিনিট নথিভুক্ত হয়েছিল।
অনুষ্ঠানে কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভারতের সস্তা ডেটা পরিষেবার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, ২০১৪ সালে ১ জিবি ডেটার দাম ছিল ২৬৮ টাকা, যা বর্তমানে কমে প্রায় ৮ টাকা হয়েছে। ফলে বিশ্বের সবচেয়ে সস্তা ডেটা পরিষেবা প্রদানকারী দেশগুলির মধ্যে ভারত অন্যতম হয়ে উঠেছে।
IMC 2026-এর মঞ্চ থেকে সরকারের বক্তব্যে স্পষ্ট, ৫জি, ডিজিটাল শিক্ষা, সুলভ ইন্টারনেট এবং প্রযুক্তিনির্ভর পরিষেবাকে ভিত্তি করে ভারত আগামী দিনের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করার পথে এগোচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান