দেশের ক্যান্টনমেন্ট এলাকায় প্রবীণদের জন্য ডে-কেয়ার সেন্টার ও বৃদ্ধাশ্রম গড়ে তোলার উদ্যোগ, প্রশিক্ষণ দেওয়া হবে জেরিয়াট্রিক কেয়ারগিভারদেরও।
দেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট এলাকায় বসবাসকারী প্রবীণ নাগরিকদের কল্যাণ ও উন্নত পরিষেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। এই লক্ষ্যে আজ নয়াদিল্লিতে ডিরেক্টরেট জেনারেল ডিফেন্স এস্টেটস এবং কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী বীরেন্দ্র কুমার।
চুক্তি অনুযায়ী, দেশের ক্যান্টনমেন্ট এলাকায় প্রবীণদের জন্য ডে-কেয়ার সেন্টার ও বৃদ্ধাশ্রম স্থাপন এবং বর্তমানে চালু থাকা কেন্দ্রগুলির পরিকাঠামো ও পরিষেবা আরও উন্নত করা হবে। পাশাপাশি প্রবীণদের পরিচর্যার জন্য তরুণদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রকল্পে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের পক্ষ থেকে অটল বয়ো অভ্যুদয় যোজনার আওতায় আর্থিক সহায়তা প্রদান করা হবে। ক্যান্টনমেন্ট বোর্ডগুলির নিজস্ব অর্থায়নে পরিচালিত বর্তমান ডে-কেয়ার সেন্টার ও বৃদ্ধাশ্রমগুলির রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার ক্ষেত্রেও আর্থিক সহযোগিতা করা হবে। পাশাপাশি নতুন কেন্দ্র ও বৃদ্ধাশ্রম স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, প্রবীণ নাগরিকরা অভিজ্ঞতা, ঐতিহ্য ও সামাজিক চেতনার ধারক। তাঁদের অভিজ্ঞতা, জ্ঞান ও দিকনির্দেশনা ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে অত্যন্ত মূল্যবান ভূমিকা পালন করবে। পরিবার, সমাজ ও দেশ গঠনে প্রবীণদের আজীবন অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁদের সম্মান, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সমাজের নৈতিক ও সামাজিক দায়িত্ব।
তিনি প্রবীণদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে ধারাবাহিক উন্নতির ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি ডে-কেয়ার সেন্টার ও বৃদ্ধাশ্রমগুলিতে সামাজিক অডিটের মাধ্যমে পরিষেবার গুণগত মান যাচাই এবং প্রয়োজনীয় উন্নতির ক্ষেত্র চিহ্নিত করার আহ্বান জানান।
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র কুমার বলেন, প্রবীণ নাগরিকদের উন্নত পরিচর্যা, কল্যাণমূলক পরিষেবা এবং সম্মানজনকভাবে সক্রিয় জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ক্যান্টনমেন্ট এলাকায় বসবাসকারী প্রবীণদের সহায়তা ব্যবস্থা আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই সমঝোতা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি আরও জানান, দেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে বৃদ্ধাশ্রম থাকা উচিত। এই লক্ষ্য পূরণে মন্ত্রক দীর্ঘদিন ধরে কাজ করছে। প্রয়োজন অনুযায়ী বৃদ্ধাশ্রমের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
মন্ত্রী উল্লেখ করেন, দেশে প্রবীণ নাগরিকদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং ২০৩৬ সালের মধ্যে এই সংখ্যা প্রায় ২৩ কোটিতে পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে।
সব মিলিয়ে, প্রবীণ নাগরিকদের নিরাপত্তা, পরিচর্যা ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করার ক্ষেত্রে কেন্দ্রের এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান