৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে আগরতলার আসাম রাইফেলস ময়দানে জোরকদমে চলছে মূল অনুষ্ঠানের প্রস্তুতি। স্বাধীনতা দিবসের দিন আয়োজিত কুচকাওয়াজকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে মহড়া। মহড়ায় বিভিন্ন সুসজ্জিত বাহিনীর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আগামী ১৫ আগস্ট আসাম রাইফেলস ময়দানে আয়োজিত হবে রাজ্যের মূল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা জাতীয় পতাকা উত্তোলন করবেন। এরপর তিনি বিভিন্ন বাহিনীর সুসজ্জিত কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করবেন।
অনুষ্ঠানকে সুষ্ঠু ও আকর্ষণীয় করে তুলতে একাধিক সরকারি দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে জানান, পুলিশ, শিক্ষা দপ্তর, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং টিআইডিসি-সহ বিভিন্ন দপ্তরের সমন্বয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সফলভাবে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
কুচকাওয়াজের মহড়ায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যেও দেখা যাচ্ছে বিশেষ উৎসাহ। জাতীয় পতাকা, শৃঙ্খলা ও দেশাত্মবোধের আবহে ময়দানজুড়ে তৈরি হয়েছে স্বাধীনতা দিবসের প্রস্তুতির পরিবেশ।
এদিকে মূল অনুষ্ঠানটি যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দর্শক ও অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থাও পর্যবেক্ষণ করা হচ্ছে।
সব মিলিয়ে স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনকে স্মরণীয় করে তুলতে আগরতলায় এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান