দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ পুনর্বাসন প্যাকেজ বাস্তবায়নের দাবিতে সরব আত্মসমর্পণকারী বিভিন্ন সংগঠন। যৌথ অ্যাকশন কমিটি (JAC) এবং যৌথ রিহ্যাবিলিটেশন কমিটি (JRC)-এর পক্ষ থেকে আগরতলার রাজভবনে রাজ্যপালের কাছে নয় দফা দাবিসম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এই যৌথ উদ্যোগে NLFT, ATTF, BNCT-সহ বিভিন্ন আত্মসমর্পণকারী গোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংগঠনগুলির অভিযোগ, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের আহ্বানে আত্মসমর্পণ করার পর ইতিমধ্যে ৩২-৩৩ বছর অতিক্রান্ত হলেও তাঁদের জন্য ঘোষিত পূর্ণাঙ্গ পুনর্বাসন প্যাকেজ এখনও সম্পূর্ণভাবে কার্যকর হয়নি।
তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে যথাযথ পুনর্বাসনের অভাবে বহু পরিবার আর্থিক সংকটে পড়েছে। এর প্রভাব পড়ছে সন্তানদের শিক্ষা এবং পরিবারের সামগ্রিক জীবনযাত্রার উপরও। ফলে দ্রুত পুনর্বাসন সংক্রান্ত সমস্যাগুলির সমাধান এবং ঘোষিত প্যাকেজের পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তাঁরা।
সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের নয় দফা দাবি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করা হবে। পাশাপাশি দাবিগুলি নিয়ে দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন আত্মসমর্পণকারী সংগঠনগুলির প্রতিনিধিরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান