Thursday, October 15, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য ২৪০টি বিদ্যালয়ে পরিকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ ত্রিপুরা সরকারের

২৪০টি বিদ্যালয়ে পরিকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ ত্রিপুরা সরকারের

২৪০টি বিদ্যালয়ে পরিকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ ত্রিপুরা সরকারের

ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো আরও শক্তিশালী করতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডঃ) মানিক সাহা ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের ২৪০টি বিদ্যালয়ে নতুন শ্রেণিকক্ষ ও ভবনের উদ্বোধন এবং বিভিন্ন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষক ঘাটতি পূরণেও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে চালু হওয়া জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের ক্ষেত্রেও রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই বিষয়ে নিয়মিত পর্যালোচনা সভার মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ২০১৮ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ৬৫ হাজার ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল প্রদান করা হয়েছে। পাশাপাশি, মেয়েদের শিক্ষার সুযোগ বাড়াতে রাজ্যে ১৫টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় পরিচালিত হচ্ছে।

শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীদের খেলাধুলা ও বিভিন্ন সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে উৎসাহ দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। নবম শ্রেণির ছাত্রছাত্রীদের মেধা বিকাশের লক্ষ্যে চালু করা হয়েছে ‘ত্রিপুরা সাইন্স ট্যালেন্ট সার্চ’ এবং ‘সুপার’ প্রকল্প। এই উদ্যোগগুলির মাধ্যমে বহু মেধাবী ছাত্রছাত্রী আইআইটিতে পড়াশোনার সুযোগ পেয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামডিকে এবং বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা সুমিত রায় চৌধুরীসহ শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

সরকারের এই উদ্যোগে একদিকে যেমন বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নত হচ্ছে, তেমনই অন্যদিকে ছাত্রছাত্রীদের শিক্ষার পাশাপাশি খেলাধুলা, বিজ্ঞানচর্চা ও উচ্চশিক্ষার সুযোগ আরও প্রসারিত হচ্ছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha