ত্রিপুরায় ফের সক্রিয় হয়ে উঠেছে বর্ষা। ঝাড়খণ্ডে অবস্থানরত নিম্নচাপ এবং দীঘার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগরতলাসহ ত্রিপুরার বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা থাকবে। কোথাও হালকা, আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। টানা বৃষ্টির জেরে রাজ্যের নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বৃষ্টির মধ্যেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দিনভর প্যাচপ্যাচে গরম ও অস্বস্তি বজায় থাকতে পারে।
এদিকে বঙ্গোপসাগরের উত্তরাংশেও উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ত্রিপুরার বিভিন্ন জেলায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ ত্রিপুরায় সর্বোচ্চ ১৩.২ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে। এরপর গোমতীতে ৯.৯ মিমি, খোয়াইয়ে ৮.৮ মিমি এবং সিপাহীজলায় ৮.০ মিমি বৃষ্টিপাত হয়েছে।
পশ্চিম ত্রিপুরায় ৫.৪ মিমি, উনকোটিতে ৪.০ মিমি এবং ধলাইয়ে ০.৩ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রেখে বিশেষ করে ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকা দুই জেলার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ ও অতিবৃষ্টির সময় প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পাশাপাশি নিচু এলাকা ও জলমগ্ন রাস্তা এড়িয়ে চলার পরামর্শ রয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান