Wednesday, September 2, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য জাতীয় সাধারণ সম্পাদক হয়ে ত্রিপুরায় ফিরলেন বিপ্লব, জাঁকজমকপূর্ণ সংবর্ধনা আগরতলায়

জাতীয় সাধারণ সম্পাদক হয়ে ত্রিপুরায় ফিরলেন বিপ্লব, জাঁকজমকপূর্ণ সংবর্ধনা আগরতলায়

জাতীয় সাধারণ সম্পাদক হয়ে ত্রিপুরায় ফিরলেন বিপ্লব, জাঁকজমকপূর্ণ সংবর্ধনা আগরতলায়

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর সাংসদ বিপ্লব কুমার দেবকে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা জানাল ত্রিপুরা প্রদেশ বিজেপি। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য-সহ দলের শীর্ষ নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা পুরনো দিনের স্মৃতিচারণ করেন। তিনি জানান, ২০১৬ সালে বিপ্লব কুমার দেবের আহ্বানেই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই সময় ত্রিপুরা থেকে সিপিএমকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার যে রাজনৈতিক স্বপ্ন তাঁরা দেখেছিলেন, পরবর্তীতে তা বাস্তবে রূপ পায় বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যও বিপ্লব কুমার দেবের নতুন দায়িত্বকে ত্রিপুরার জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন। তাঁর বক্তব্য, বিপ্লব কুমার দেব সর্বভারতীয় স্তরে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পাওয়ায় রাজ্যের সিপিএম নেতৃত্বের উপর রাজনৈতিক চাপ আরও বাড়বে।

সংবর্ধনার জবাবে বিপ্লব কুমার দেব বলেন, জামজুরি ও রাজনগরের মতো এলাকা থেকে উঠে এসে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলের জাতীয় সাধারণ সম্পাদক হওয়া তাঁর ব্যক্তিগত জীবনের পাশাপাশি ত্রিপুরার জন্যও এক বড় প্রাপ্তি। দলের প্রতি রাজ্যবাসী ও কর্মীদের অবদানের কথাও তিনি স্মরণ করেন।

নিজের বক্তব্যে ত্রিপুরায় সিপিএমের রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনাও নাকচ করে দেন বিপ্লব কুমার দেব। তাঁর দাবি, রাজ্যে সিপিএমের ফিরে আসার আর কোনো যুক্তি বা সুযোগ নেই। নতুন দায়িত্বকে সামনে রেখে জাতীয় রাজনীতিতে ত্রিপুরার ভূমিকা আরও জোরালো করার বার্তাও দেন তিনি।

বিপ্লব কুমার দেবের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নিযুক্তিকে ঘিরে রাজ্য বিজেপির এই সংবর্ধনা অনুষ্ঠানে দলের নেতা-কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। ত্রিপুরার রাজনীতি থেকে জাতীয় রাজনীতির বৃহত্তর পরিসরে তাঁর এই উত্থানকে দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাফল্য হিসেবেই তুলে ধরা হয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha