জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হলো ‘সানডেস অন সাইকেল’ সাইকেল র্যালি। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে রবিবার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে এই র্যালির সূচনা হয়।
রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আনুষ্ঠানিকভাবে পতাকা নাড়িয়ে র্যালির উদ্বোধন করেন। উজ্জয়ন্ত প্রাসাদ থেকে শুরু হয়ে সাইকেল র্যালিটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বাদাড়ঘাটস্থিত স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সেন্টারে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল ডারলোং, সচিব তাপস রায়, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষসহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই ছাত্রীদের মধ্যে এক লক্ষেরও বেশি সাইকেল বিতরণ করেছে। পড়ুয়াদের নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করতে তিনি অন্তত প্রতি রবিবার সাইকেল নিয়ে বেরিয়ে শারীরিক কসরতে মনোনিবেশ করার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি সুস্থ শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য নিয়মিত শরীরচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইকেল চালানোর মতো সহজ ও স্বাস্থ্যকর অভ্যাস তরুণ প্রজন্মকে আরও সক্রিয় করে তুলতে পারে।
জাতীয় ক্রীড়া দিবসের তাৎপর্য তুলে ধরে টিঙ্কু রায় আরও জানান, ত্রিপুরায় প্রথমবারের মতো হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের মূর্তি উন্মোচন করা হয়েছে। মেজর ধ্যানচাঁদের সুপুত্র নিজে উপস্থিত থেকে ওই মূর্তি উন্মোচন করেছেন বলেও জানান তিনি।
হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের ক্রীড়াজীবনের অসামান্য সাফল্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে এক হাজারেরও বেশি গোল এবং অলিম্পিকে টানা তিনটি স্বর্ণপদক জয়ের অনন্য কৃতিত্বের কথা উল্লেখ করেন।
জাতীয় ক্রীড়া দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই সাইকেল র্যালির মাধ্যমে রাজ্যের যুবসমাজের মধ্যে স্বাস্থ্যসচেতনতা, নিয়মিত শরীরচর্চা এবং ক্রীড়াচর্চার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান