Wednesday, September 16, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য ত্রিপুরায় ১২.২৬ লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, বাজারমূল্য প্রায় ৯৮ কোটি টাকা

ত্রিপুরায় ১২.২৬ লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, বাজারমূল্য প্রায় ৯৮ কোটি টাকা

ত্রিপুরায় ১২.২৬ লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, বাজারমূল্য প্রায় ৯৮ কোটি টাকা
ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা ও তদন্তকারী সংস্থাগুলি। অসম রাইফেলস, ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI) এবং ত্রিপুরা পুলিশের যৌথ অভিযানে দুই জেলায় উদ্ধার হয়েছে ১২ লক্ষ ২৬ হাজার ইয়াবা ট্যাবলেট। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৮ কোটি ৮ লক্ষ টাকা। ঘটনায় অসমের দুই বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে।

নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে খোয়াই জেলার খোয়াই চৌমুহনী এবং উত্তর ত্রিপুরার পানিসাগরে পৃথক অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে খোয়াই চৌমুহনী এলাকা থেকে উদ্ধার হয় ৭ লক্ষ ২৬ হাজার ইয়াবা ট্যাবলেট। যার আনুমানিক মূল্য ৫৮ কোটি ৮ লক্ষ টাকা। এই ঘটনায় অসমের সোনিতপুর জেলার ইতাখোলার এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, পানিসাগরে অসম রাইফেলস ও উত্তর ত্রিপুরা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয় আরও ৫ লক্ষ ইয়াবা ট্যাবলেট। এর আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা। এই ঘটনায় অসমের মরিগাঁও জেলার নগরমারির এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি একটি ট্রাকও বাজেয়াপ্ত করা হয়েছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইয়াবা মূলত মেথামফেটামিন-ভিত্তিক এক ধরনের উত্তেজক মাদক, যা অত্যন্ত আসক্তিকর।
অসম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনা উত্তর-পূর্বাঞ্চল দিয়ে চলা আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে নিরাপত্তা ও তদন্তকারী সংস্থাগুলির ধারাবাহিক অভিযানের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের পাশাপাশি উদ্ধার হওয়া মাদক এবং বাজেয়াপ্ত ট্রাক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে আরও তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে।
Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha