ত্রিপুরার সিপাহীজলা জেলার বক্সনগরে বিএসএফ জওয়ানদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় পুলিশের ধরপাকড় অব্যাহত। মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার সঙ্গে বৈঠকের পর রাতারাতি আরও ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে ১৯ জন এফআইআর-নামভুক্তের মধ্যে এখনও পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে পুরুষ ও মহিলা উভয়েই রয়েছেন।
সোমবার কলমচৌড়া থানাধীন আসাবাড়ি নতুন বাজার এলাকায় পাচার সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিএসএফ জওয়ানদের প্রথমে বচসা শুরু হয়। অভিযোগ, এক বিএসএফ জওয়ানের লাঠির আঘাতে এক স্থানীয় বাসিন্দা আহত হন। এর প্রতিবাদে গ্রামবাসীরা বক্সনগর-রহিমপুর সড়ক অবরোধ করেন।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছন বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট-সহ অন্যান্য জওয়ান। অভিযোগ, সেই সময় উত্তেজিত জনতা তাঁদের উপর হামলা চালায় এবং বিএসএফের গাড়িতে ভাঙচুর করে। পাল্টা উভয় পক্ষের গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। সংঘর্ষে কয়েকজন বিএসএফ জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনায় মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে নিরাপত্তাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা করেন। তিনি স্পষ্ট জানান, এ ধরনের হিংসা বরদাস্ত করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনার পর বক্সনগর এলাকায় এখনও থমথমে পরিস্থিতি। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান