বোনের বিরুদ্ধে বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ দাদার, এক মাসের শিশুকে নিয়ে অল্পের জন্য রক্ষা পেল পরিবার।
পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বিপুল দেবনাথের অভিযোগ, তাঁর বোনের সঙ্গে গত ছয়-সাত মাস ধরে জায়গা ও সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সেই বিবাদের জেরেই তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় বোনের বিরুদ্ধে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
বিপুল দেবনাথের দাবি, তাঁর মায়ের দান করা সম্পত্তি-সহ অন্যান্য জায়গা দখল করে নেওয়ার চেষ্টা চলছে। এমনকি তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলেও পাঠানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। সম্পত্তি লিখে দেওয়ার জন্য তাঁকে লাগাতার ব্ল্যাকমেল ও হুমকি দেওয়া হচ্ছিল বলেও দাবি তাঁর। এর আগেও তাঁর বাড়িঘর ও দোকান পুড়িয়ে দেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন বিপুল।
ঘটনার রাতে বাড়িতে ছিলেন না বিপুল দেবনাথের পরিবারের কোনও সদস্য। পরিবারের সঙ্গে এক মাসের শিশুসন্তানকেও আগেই শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে বাড়িতে আগুন লাগার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে পৌঁছে দেখেন, আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে তাঁদের বাড়ি।
এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিবাদ থেকেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের। ইতিমধ্যেই বোনের বিরুদ্ধে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে পুলিশের তদন্তের অপেক্ষায় রয়েছেন বিপুল দেবনাথ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান