সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক; ত্রিপুরার জনজাতি যুবককে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আইনি পদক্ষেপ।
ত্রিপুরার এক জনজাতি যুবককে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আমির শোকেনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। নতুন দিল্লির সদর বাজার এলাকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই তাঁকে ঘিরে বিতর্কের সূত্রপাত। ওই ভিডিওতে জনজাতি যুবকের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।
ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রতিবাদ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে নতুন দিল্লি থেকে আমির শোকেনকে গ্রেফতার করা হয়।
এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে তাঁকে ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে বিমানে করে দিল্লি থেকে আগরতলায় নিয়ে আসা হয় অভিযুক্তকে।
আগরতলায় পৌঁছানোর পর তাঁকে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
ঘটনাটি ঘিরে ত্রিপুরার জনজাতি যুবকদের প্রতি বর্ণবিদ্বেষমূলক আচরণ এবং সামাজিক সম্প্রীতি রক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে। তবে অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা বিচারাধীন আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান