আসন সমঝোতা নিয়ে যাবতীয় জল্পনায় ইতি; কংগ্রেস নেতৃত্বের উদ্যোগের অভাব নিয়ে অসন্তোষ প্রকাশ সিপিএম রাজ্য সম্পাদকের।
আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে ঘিরে বাম ও কংগ্রেসের মধ্যে সম্ভাব্য জোট এবং আসন সমঝোতা নিয়ে রাজনৈতিক মহলে যে জল্পনা চলছিল, তাতে কার্যত ইতি টানলেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন পুর নিগম নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে কোনও আসন সমঝোতা হচ্ছে না।
কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে জিতেন্দ্র চৌধুরী জানান, ২৪ অক্টোবর ও ৩০ অক্টোবরের আন্দোলন কিংবা দিল্লি সফরের সময় বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও আগরতলা পুর নিগম নির্বাচনকে কেন্দ্র করে আসন সমঝোতার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এমনকী, এই বিষয়ে কোনও সুনির্দিষ্ট আলোচনাও এগোয়নি বলে তাঁর বক্তব্য।
জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যে কংগ্রেস নেতৃত্বের ভূমিকা নিয়েও অসন্তোষের ইঙ্গিত পাওয়া গেছে। তাঁর মতে, শাসক দলকে পরাস্ত করার কথা বারবার বলা হলেও নির্বাচনী সমঝোতার প্রশ্নে কংগ্রেস নেতৃত্বের তরফে প্রয়োজনীয় উদ্যোগ ও আগ্রহ দেখা যায়নি। এই পরিস্থিতিতে তিনি ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে বিরোধী শিবিরের মধ্যে ঐক্যের সম্ভাবনা নিয়ে যে আলোচনা চলছিল, জিতেন্দ্র চৌধুরীর এই বক্তব্যে সেই সম্ভাবনা আপাতত ধাক্কা খেল। ফলে আসন্ন নির্বাচনে বাম ও কংগ্রেস পৃথকভাবে লড়াইয়ের পথে এগোবে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান