Tuesday, November 17, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য কংগ্রেস প্রার্থীদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, জেলাশাসকের দ্বারস্থ সুদীপ রায় বর্মন

কংগ্রেস প্রার্থীদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, জেলাশাসকের দ্বারস্থ সুদীপ রায় বর্মন

কংগ্রেস প্রার্থীদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, জেলাশাসকের দ্বারস্থ সুদীপ রায় বর্মন

নির্বাচনী প্রচারে হামলা ও হুমকির অভিযোগ, প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের দপ্তরে কংগ্রেসের প্রতিনিধি দল।

নির্বাচনী প্রচারে বেরিয়ে কংগ্রেস প্রার্থীরা বিভিন্ন স্থানে হামলা ও হুমকির মুখে পড়ছেন বলে গুরুতর অভিযোগ তুলল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। দলের অভিযোগ, বিষয়টি নিয়ে নির্বাচন দপ্তর, সংশ্লিষ্ট আধিকারিক এবং পুলিশ প্রশাসনের কাছে বারবার জানানো হলেও পরিস্থিতির কোনও দৃশ্যমান উন্নতি হয়নি।

এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের নেতৃত্বে দলের এক প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের দপ্তরে উপস্থিত হয়। নির্বাচনী প্রচারে প্রার্থীদের নিরাপত্তা এবং অবাধ ও বাধাহীন প্রচারের পরিবেশ নিশ্চিত করার দাবিতে জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করতে চান তাঁরা। তবে জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত দপ্তরের সামনেই অপেক্ষা করার সিদ্ধান্ত নেন কংগ্রেস নেতৃত্ব।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ রায় বর্মন শাসকদলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, বিরোধী দলের প্রার্থীদের নির্বাচনী প্রচারে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় তাঁদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সুদীপ রায় বর্মন বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীর সমানভাবে নির্বাচনী প্রচার চালানোর অধিকার রয়েছে। তাই সমস্ত প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনী পরিবেশ বজায় রাখার দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।

কংগ্রেস নেতৃত্বের দাবি, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন দেখার বিষয়, বিরোধী দলের প্রার্থীদের নিরাপত্তা সংক্রান্ত এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha