২৬৮টি ওয়ার্ডে লড়াই ৭৩৩ প্রার্থীর, ভোটাধিকার প্রয়োগ করবেন সাড়ে ৫ লক্ষেরও বেশি ভোটার।
ত্রিপুরায় পুর ও নগর সংস্থার নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামীকাল, ২৭ নভেম্বর রাজ্যের আগরতলা পুর নিগম-সহ মোট ১৬টি পুর ও নগর সংস্থায় অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভোটকর্মীরা ইতিমধ্যেই কড়া নিরাপত্তার মধ্যে নিজেদের নির্ধারিত ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছেন।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট ২৬৮টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৩৩ জন প্রার্থী। রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৫ লক্ষ ৬৫ হাজার ৫১৩। তাঁদের মধ্যে ২ লক্ষ ৭৬ হাজার ৬৩১ জন পুরুষ, ২ লক্ষ ৮৮ হাজার ৮৩৯ জন মহিলা এবং ৪৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার।
নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিয়েছে প্রশাসন। রাজ্য নির্বাচন কমিশনের সচিবের তথ্য অনুযায়ী, অতিরিক্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী রাজ্যে এসে পৌঁছেছে। সব মিলিয়ে নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকছে ৩৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি রাজ্য পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরাও নিরাপত্তার দায়িত্ব সামলাবেন।
অন্যদিকে, নির্বাচনের আগেই ৭৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন বিজেপি প্রার্থীরা। এর ফলে বাকি ২৬৮টি আসনে ১৬টি নগর সংস্থায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে নির্বাচন কমিশন, প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় বজায় রাখা হয়েছে।
আগামী ২ ডিসেম্বর ভোট গণনার দিন নির্ধারিত হয়েছে। এখন গোটা রাজ্যের নজর আগামীকালের ভোটগ্রহণের দিকে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান