২০টি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তা, ইভিএম ও নির্বাচনী সামগ্রী নিয়ে বুথের পথে ভোটকর্মীরা।
ত্রিপুরার অন্যান্য পুর ও নগর সংস্থার সঙ্গে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে কৈলাসহর পুর পরিষদের নির্বাচন। মোট ১৭টি ওয়ার্ডের ২০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
বৃহস্পতিবার কৈলাসহরের আরকেআই (RKI) স্কুলের স্ট্রংরুম ও নির্বাচনী সামগ্রী বিতরণ কেন্দ্র থেকে নিজেদের নির্ধারিত ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা হতে শুরু করেন ভোটকর্মীরা। তাঁদের হাতে তুলে দেওয়া হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন (EVM) এবং ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী।
নিরাপত্তার ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। দুপুর ১২টা থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তাকর্মীও রাখা হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার উপর নজরদারির জন্য নিযুক্ত করা হয়েছে বিশেষ পর্যবেক্ষক।
কৈলাসহর পুর পরিষদের রিটার্নিং অফিসার শান্তিময় দেববর্মা এক সাক্ষাৎকারে জানান, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২০টি ভোটগ্রহণকারী দলের জন্য পরিবহণ, নিরাপত্তা এবং নির্বাচনী সামগ্রীর ব্যবস্থা সম্পূর্ণ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রশাসনের লক্ষ্য, কোনওরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা। এখন আগামীকালের ভোটগ্রহণকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি ও নিরাপত্তার উপর নজর রাখছে নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান