সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ, প্রবীণ ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা প্রশাসনের।
ত্রিপুরার অন্যান্য পুর ও নগর সংস্থার সঙ্গে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে ধর্মনগর পুর পরিষদের নির্বাচন। ভোটগ্রহণকে কেন্দ্র করে যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় ভোটকর্মীদের নিজ নিজ ভোটকেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া।
ধর্মনগর গার্লস হাইস্কুল থেকে পুলিশি নিরাপত্তার মধ্যে ইভিএম এবং প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী নিয়ে নির্ধারিত বুথের উদ্দেশে রওনা দেন ভোটকর্মীরা। মোট ৪৫টি ভোটকেন্দ্রের জন্য ৪৫টি ভোটগ্রহণকারী দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য অতিরিক্ত রিজার্ভ দলও প্রস্তুত রাখা হয়েছে।
ধর্মনগরের রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক দেবযানী চৌধুরী জানান, প্রতিটি ভোটকেন্দ্রের ভিতরে ও বাইরে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পৃথক টহলদারি দল এবং নিরাপত্তা আধিকারিকরা নিয়মিত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। ভোটগ্রহণ যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে।
অন্যদিকে, প্রবীণ নাগরিকদের যাতে ভোট দিতে কোনও অসুবিধা না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ভোটারদের বিভ্রান্তি এড়াতে ভোটকেন্দ্রগুলিতে প্রয়োজনীয় নির্দেশিকা ও প্রদর্শনের ব্যবস্থাও রাখা হয়েছে। বিশেষ করে কোন ভোটারের ভোটকেন্দ্রের নম্বর কত, তা সহজে বুঝতে সাহায্য করার জন্য এই উদ্যোগ।
আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন আধিকারিকরা।
এখন ধর্মনগরের ভোটারদের অপেক্ষা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান