সোমবার থেকে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা ও মাত্রা বাড়তে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে।
উত্তর-পূর্বাঞ্চলের মণিপুর এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গে সক্রিয় নিম্নচাপের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরে আগামী তিন দিন বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। পরিস্থিতি অনুকূলে থাকলে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্তও বৃষ্টিপাতের প্রভাব দেখা যেতে পারে।
এদিকে বৃষ্টির পাশাপাশি অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়াও অব্যাহত থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮০ থেকে ৯০ শতাংশের বেশি থাকায় দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ার সম্ভাবনা রয়েছে।
বজ্রপাতের সময় সাধারণ মানুষকে খোলা জায়গায় না থাকার এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান