ত্রিপুরা রাজ্যে মনিপুরী এবং বিষ্ণুপ্রিয়া মনিপুরী সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের দাবিকে সামনে এনে পৃথক ‘মনিপুরী ও বিষ্ণুপ্রিয়া মনিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিল’ গঠনের দাবিতে সরব হলেন কৈলাসহরের কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহা। আসন্ন এডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচনের প্রাক্কালে বুধবার কৈলাসহরে তাঁর বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে এই দাবি জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে বিধায়ক বিরজিত সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী চন্দ্র শেখর সিনহা, নীল কিশোর সিনহা, গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাপুর রাজ সিনহা এবং গৌরনগর পঞ্চায়েত সমিতির সদস্য দ্বীপ সিনহা।
বিরজিত সিনহার বক্তব্য, রাজ আমল থেকেই ত্রিপুরায় মনিপুরী এবং বিষ্ণুপ্রিয়া মনিপুরী সম্প্রদায়ের মানুষ নিজেদের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে সঙ্গে নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে এই দুই সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছেন বলে তাঁর অভিযোগ। পাশাপাশি, নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি যথাযথভাবে সংরক্ষণ ও চর্চার অভাবে বর্তমান প্রজন্মের অনেক ছেলে-মেয়েই নিজেদের ঐতিহ্য সম্পর্কে পর্যাপ্তভাবে জানতে পারছে না বলেও দাবি করেন তিনি।
এই পরিস্থিতিতে ত্রিপুরায় মনিপুরী এবং বিষ্ণুপ্রিয়া মনিপুরী সম্প্রদায়ের মানুষের সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নের কথা বিবেচনা করে অবিলম্বে পৃথক ডেভেলপমেন্ট কাউন্সিল গঠনের জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান বিধায়ক।
দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৬ সেপ্টেম্বর, শনিবার কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে দুই সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হবে বলে জানান তিনি। সেমিনারের পর দুই সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে একটি প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে গিয়ে লিখিতভাবে ডেভেলপমেন্ট কাউন্সিল গঠনের দাবি জানাবে বলেও জানান বিরজিত সিনহা।
এদিন সাংবাদিক সম্মেলনে আসাম প্রসঙ্গও তুলে ধরেন বিধায়ক। তাঁর দাবি, আসামে কংগ্রেস সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মনিপুরী ও বিষ্ণুপ্রিয়া মনিপুরী সম্প্রদায়ের উন্নয়নের কথা বিবেচনা করে মনিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করেছিলেন এবং সেই ব্যবস্থা এখনও চালু রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে কৈলাসহরে বিরজিত সিনহা তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতিও প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।
এরই মধ্যে মনিপুরী ও বিষ্ণুপ্রিয়া মনিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিল গঠনের দাবিতে তাঁর সরব হওয়াকে ঘিরে এডিসি এলাকার রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভিলেজ কাউন্সিল নির্বাচনের ঠিক আগে এই ধরনের ইস্যু সামনে আসায় কৈলাসহর তথা এডিসি এলাকার রাজনৈতিক সমীকরণে এর প্রভাব নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে এর রাজনৈতিক প্রভাব কী হবে, তা নির্বাচনের ফলাফল ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির ওপরই নির্ভর করবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান