মহান চিন্তাবিদ, দার্শনিক ও ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার মুক্তধারা হলে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বিধায়িকা মীনা রাণী সরকার, এলাকার কাউন্সিলরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন, কর্ম ও চিন্তাধারার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন একজন মহান চিন্তাবিদ ও দূরদর্শী দার্শনিক। ভারতীয় সমাজব্যবস্থা, সংস্কৃতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়ন নিয়ে তাঁর চিন্তাভাবনা দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলেছে।
এদিন মুক্তধারা হল প্রাঙ্গণে দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিও ছিল লক্ষ্যণীয়। পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান