Sunday, October 4, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য সোমবার জোলাইবাড়ির ১০ ভিলেজের ভোট গণনা

সোমবার জোলাইবাড়ির ১০ ভিলেজের ভোট গণনা

সোমবার জোলাইবাড়ির ১০ ভিলেজের ভোট গণনা

রাজ্যের এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে সোমবার। ভোট গণনাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। রাজ্যের অন্যান্য ভিলেজ এলাকার পাশাপাশি জোলাইবাড়ি আর ডি ব্লকের অন্তর্গত ১০টি ভিলেজের ভোটও এদিন গণনা করা হবে।

গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভোটগ্রহণের পর জোলাইবাড়ি আর ডি ব্লকের ১০টি ভিলেজের বিভিন্ন পোলিং স্টেশনের ব্যালট বাক্স সাচিরামবাড়িস্থিত শহিদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইংরেজি মাধ্যম হাই স্কুলের স্ট্রংরুমে রাখা হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা।

ভোট গণনাকে কেন্দ্র করে গোটা এলাকায় জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রবিবার দুপুরে গণনা কেন্দ্র ও সংলগ্ন এলাকা পরিদর্শন করে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখেন রিটার্নিং অফিসার তথা জোলাইবাড়ি আর ডি ব্লকের বিডিও নবব্রত দত্ত, শান্তিরবাজার মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা, বাইখোরা থানার ওসি অরুণোদয় দাসসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিটার্নিং অফিসার তথা জোলাইবাড়ি আর ডি ব্লকের বিডিও নবব্রত দত্ত জানান, সাচিরামবাড়িস্থিত শহিদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইংরেজি মাধ্যম হাই স্কুলেই জোলাইবাড়ি আর ডি ব্লকের ১০টি ভিলেজের ভোট গণনা হবে। ভোট গণনার যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। আটটি টেবিলে মোট চার রাউন্ডে ভোট গণনা সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

ভোট গণনাকে কেন্দ্র করে গোটা দক্ষিণ জেলায় বিএনএস-এর ১৬৩ ধারা অনুযায়ী কারফিউ জারি করা হয়েছে। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গণনা সম্পন্ন করতে কেন্দ্রীয় বাহিনী, টিএসআর এবং ত্রিপুরা পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে। গণনা কেন্দ্রের নিরাপত্তা থেকে শুরু করে গোটা প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি অব্যাহত থাকবে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha