Tuesday, October 6, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য ভিলেজ কমিটি নির্বাচনে বিপুল জয় তিপ্রামথার

ভিলেজ কমিটি নির্বাচনে বিপুল জয় তিপ্রামথার

ভিলেজ কমিটি নির্বাচনে বিপুল জয় তিপ্রামথার

৫৪০৪৩৬ জনের ভোট, ৮১.২৯ শতাংশ ভোটদান; ৪৫৭টি ভিলেজ কমিটিতে সংখ্যাগরিষ্ঠতা তিপ্রামথার

ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-এর অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। ঘোষিত ফলাফলে বিপুল সাফল্য পেয়েছে তিপ্রামথা পার্টি। মোট ৩৪২৮টি আসনে জয় পেয়েছে তিপ্রামথা। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি ৮৫৯টি, নির্দল প্রার্থীরা ১৭৩টি, সিপিআই(এম) ৮৭টি, আইপিএফটি ৩৩টি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস ১৪টি আসনে জয়ী হয়েছে।

ফলাফল অনুযায়ী, তিপ্রামথা পার্টি ৪৫৭টি ভিলেজ কমিটিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিজেপি ৯৪টি, সিপিআই(এম) ২টি, আইপিএফটি ২টি এবং নির্দল প্রার্থীরা ৩১টি ভিলেজ কমিটিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।

মঙ্গলবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান রাজ্য নির্বাচন কমিশনার ড. পি. কে. চক্রবর্তী। তিনি জানান, সারা রাজ্যে ৪৪টি ভোট গণনা কেন্দ্রে মোট ৪৫টি ভোট গণনা হলে ভিলেজ কমিটির নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এডিসি এলাকার ৫ লক্ষ ৩৩ হাজার ৮০৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়াও ইডিভি ভোটার ছিলেন ৬৬২৮ জন। সব মিলিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫ লক্ষ ৪০ হাজার ৪৩৬ জন। ভোটদানের হার ছিল ৮১.২৯ শতাংশ।

ভোটের শতাংশের হিসাবেও তিপ্রামথা এগিয়ে রয়েছে। তিপ্রামথা পার্টি পেয়েছে ৪৬.৭৬ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে ২৮ শতাংশ, সিপিআই(এম) ১২.৯০ শতাংশ, নির্দল প্রার্থীরা ৭.৭৪ শতাংশ, আইপিএফটি ২.৭৪ শতাংশ এবং কংগ্রেস ১.৮৬ শতাংশ ভোট পেয়েছে।

কমিশনার জানান, মোট ৩টি আসনের জন্য কোনও মনোনয়নপত্র জমা পড়েনি। একইসঙ্গে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গণনা সম্পন্ন করার জন্য ভোটার, জেলা নির্বাচন আধিকারিক, রিটার্নিং অফিসার, সেক্টর অফিসার, ভোট গণনাকর্মী এবং নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ প্রশাসনের আধিকারিক ও কর্মীদের অভিনন্দন জানান তিনি।

ভোটগ্রহণ ও ভোট গণনা প্রক্রিয়ায় সহযোগিতার জন্য সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও ধন্যবাদ জানান রাজ্য নির্বাচন কমিশনার ড. প্রদীপ কুমার চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha