Monday, November 2, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য কৈলাশহরে সিপিআইএম-কংগ্রেস জোট হচ্ছে না, ১৭টি আসনেই বামেদের মনোনয়ন

কৈলাশহরে সিপিআইএম-কংগ্রেস জোট হচ্ছে না, ১৭টি আসনেই বামেদের মনোনয়ন

কৈলাশহরে সিপিআইএম-কংগ্রেস জোট হচ্ছে না, ১৭টি আসনেই বামেদের মনোনয়ন

আগরতলাসহ একাধিক এলাকায় জোটবদ্ধ লড়াই, কৈলাশহরে ভিন্ন সিদ্ধান্তে রাজনৈতিক মহলে জল্পনা

আসন্ন পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে কৈলাশহরে সিপিআইএম ও কংগ্রেসের মধ্যে জোট হচ্ছে না। সোমবার ১৭টি আসনের সবকটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বাম সমর্থিত প্রার্থীরা। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা।

রাজ্যের রাজধানী আগরতলাসহ বেশ কয়েকটি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস জোটবদ্ধভাবে নির্বাচনে লড়াই করছে। সেখানে কৈলাশহরে দুই দলের মধ্যে জোট না হওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন তুলেছে।

কৈলাশহরে সিপিআইএমের মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায় স্পষ্ট জানিয়েছেন, আসন্ন পুর পরিষদ নির্বাচনে কংগ্রেসের সঙ্গে তাঁদের কোনও জোট হচ্ছে না। সাধারণ কর্মীদের ইচ্ছেকে মর্যাদা দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সোমবার কৈলাশহরের মহকুমাশাসক তথা রিটার্নিং অফিসার শান্তিময় দেববর্মার কাছে ১৭টি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন বাম সমর্থিত প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দলীয় কার্যালয় থেকে প্রার্থীদের নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম নেতা অঞ্জন রায়, কৃষ্ণেন্দু চৌধুরী এবং নারী নেত্রী আনোয়ারা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়ন জমা দেওয়ার পর অঞ্জন রায় জানান, সাধারণ কর্মীদের মতামতকে গুরুত্ব দিয়েই কৈলাশহরে জোট না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, রাজ্যের বিভিন্ন এলাকায় বিরোধী দলগুলির জোটবদ্ধ নির্বাচনী লড়াইয়ের মধ্যে কৈলাশহরের এই ভিন্ন সিদ্ধান্ত রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিরোধী জোটের ভবিষ্যৎ এবং দলীয় নেতৃত্বের নির্দেশিকা কতটা কার্যকর হচ্ছে, তা নিয়েও শুরু হয়েছে চর্চা।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha