Friday, November 6, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য নির্বাচনী রণকৌশল নিয়ে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক, ৫১টি আসনেই জয়ের দাবি মানিক সাহার

নির্বাচনী রণকৌশল নিয়ে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক, ৫১টি আসনেই জয়ের দাবি মানিক সাহার

নির্বাচনী রণকৌশল নিয়ে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক, ৫১টি আসনেই জয়ের দাবি মানিক সাহার

প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রার্থী ও শীর্ষ নেতৃত্বের বৈঠক, উন্নয়নের খতিয়ান নিয়ে জনতার কাছে যাওয়ার নির্দেশ

আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী রণকৌশল চূড়ান্ত করতে বৃহস্পতিবার বিজেপির প্রদেশ কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাষ্ট্রীয় সম্পাদক তথা প্রদেশ বিজেপির প্রভারী মৃগাঙ্ক দেও বর্মন, ত্রিপুরা ও অসমের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজুসহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। বিজেপির মনোনীত সমস্ত প্রার্থীও এই বৈঠকে অংশগ্রহণ করেন।

মূলত আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলের প্রচার কৌশল, সাংগঠনিক প্রস্তুতি এবং নির্বাচনী কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। নির্বাচনী প্রচারে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সাফল্যের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য মনোনীত প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা বলেন, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়নমূলক কাজ হয়েছে, সেগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি রাজ্যের মানুষের আস্থা রয়েছে বলেও দাবি করেন তিনি।

নির্বাচনে দলের জয় নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাস প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি ৫১টি আসনেই জয়লাভ করবে। গত নির্বাচনের তুলনায় এবার আরও বেশি ভোটে দল জয়ী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পাশাপাশি নির্বাচনী প্রচারকে আরও জোরদার করতে বহিঃরাজ্য থেকেও দলের বিভিন্ন শীর্ষ নেতৃত্ব ত্রিপুরায় আসবেন বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁদের উপস্থিতিতে প্রচার কর্মসূচি আরও গতি পাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক প্রস্তুতি এবং প্রচার কৌশলকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha