দুর্যোগ মোকাবিলা ও উদ্ধারকাজে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ পেলেন এনসিসি ক্যাডেটরা
দুর্যোগ মোকাবিলায় যুবসমাজকে আরও দক্ষ ও দায়িত্বশীল করে তোলার লক্ষ্যে আয়োজিত ‘যুব আপদা মিত্র’ প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে আগরতলায়। নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টার (NSRCC)-এ ১৩তম ত্রিপুরা এনসিসি ব্যাটালিয়নের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
ত্রিপুরা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কর্মসূচি ২৯ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলে।
প্রশিক্ষণ চলাকালীন এনসিসি ক্যাডেটদের দুর্যোগ মোকাবিলা, উদ্ধারকাজ পরিচালনা এবং জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, কার্যকর পদক্ষেপ এবং উদ্ধারকাজে সক্রিয় ভূমিকা পালনের জন্য ক্যাডেটদের প্রস্তুত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
এই প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটদের মধ্যে দুর্যোগ মোকাবিলার দক্ষতা, মানবিক দায়বদ্ধতা এবং সামাজিক পরিষেবার মানসিকতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান