দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গত ৮ নভেম্বর ঘটে যাওয়া গাড়ি বিস্ফোরণের তদন্তে আল-কায়েদার উপমহাদেশীয় শাখা—AQIS-এর যোগসূত্রের দাবি আরও জোরালো হল। ভারতের তদন্তকারী সংস্থা এনআইএ-র পর এবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক রিপোর্টেও এই বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এনআইএ ইতিমধ্যেই এই হামলার ঘটনায় ‘আনসারউল হিন্দ’ নামে আল-কায়েদার একটি সহযোগী সংগঠনের সম্পৃক্ততার কথা উল্লেখ করে চার্জশিট পেশ করেছে। তদন্তে হামলার নেপথ্যে জঙ্গি নেটওয়ার্কের সম্ভাব্য যোগাযোগ ও সংগঠিত ষড়যন্ত্রের বিষয়টিও সামনে এসেছে।
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের Analytical Support and Sanctions Monitoring Team-এর রিপোর্টে বলা হয়েছে, আল-কায়েদা ভারত ও বাংলাদেশে ছোট ছোট বিচ্ছিন্ন সেল গড়ে তুলে আর্থিক ও লজিস্টিক নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে। একইসঙ্গে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
রিপোর্টে আরও দাবি করা হয়েছে, জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে রাসায়নিক ও জৈবিক অস্ত্র তৈরির পরিকল্পনা নিয়েও তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। বিশেষ করে রাইসিনের মতো বিষাক্ত পদার্থ ব্যবহার করে হামলার সম্ভাবনা নিয়ে নিরাপত্তা সংস্থাগুলির উদ্বেগের কথা উঠে এসেছে।
ভারতের তদন্ত এবং রাষ্ট্রসংঘের পর্যবেক্ষণে আল-কায়েদার উপমহাদেশীয় নেটওয়ার্কের তৎপরতার বিষয়টি সামনে আসায় দিল্লি-সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা তৈরি হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান