১৩ আগস্ট লোকসভা ও রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি (adjourned sine die) হয়ে গেলেও এখনও আনুষ্ঠানিকভাবে বাদল অধিবেশনের অবসান (prorogation) ঘোষণা করেননি রাষ্ট্রপতি। মুলতবির ১০ দিন পেরিয়ে গেলেও এই প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় সংসদীয় ও রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন জল্পনা।
সাধারণত কোনও অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি হওয়ার পর অল্প সময়ের মধ্যেই রাষ্ট্রপতির নির্দেশে তার আনুষ্ঠানিক অবসান ঘটে। কিন্তু এবার দীর্ঘ সময় ধরে সেই ঘোষণা না হওয়ায় সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে।
রাজনৈতিক মহলের একাংশের ধারণা, সরকার হয়তো বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা খোলা রাখতে চাইছে। সে ক্ষেত্রে নতুন করে পূর্ণাঙ্গ সংসদীয় প্রক্রিয়া শুরু না করে বর্তমান অধিবেশনের কাঠামোকে কাজে লাগানোর কোনও সাংবিধানিক বা সংসদীয় পথ রয়েছে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
এর সঙ্গে আসন পুনর্বিন্যাস বা delimitation এবং গুরুত্বপূর্ণ কোনও বিল সংসদে পেশ ও পাশ করানোর সম্ভাবনাকেও জুড়ে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও সরকারের পক্ষ থেকে এখনও এমন কোনও পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
বিষয়টি নিয়ে বিরোধীরাও সরব। কংগ্রেস নেতা জয়রাম রমেশ-সহ বিরোধী নেতারা এতদিন ধরে বাদল অধিবেশনের আনুষ্ঠানিক অবসান না হওয়ায় কেন্দ্রের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, এই ধরনের দীর্ঘসূত্রতা স্বাভাবিক সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এর পিছনে সরকারের কোনও বিশেষ পরিকল্পনা থাকতে পারে।
তবে বিশেষ অধিবেশন বা আসন পুনর্বিন্যাস নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তার কোনওটিই এখনও সরকারি ভাবে নিশ্চিত নয়। ফলে রাষ্ট্রপতির আনুষ্ঠানিক প্ররোগেশন বিজ্ঞপ্তি এবং সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান