‘মন কি বাত’-এর নতুন পর্বে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের অনন্য উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিহাসচর্চা থেকে নারী ক্ষমতায়ন, পরিচ্ছন্নতা থেকে পরিবেশ সংরক্ষণ এবং কৃষিতে নতুন সম্ভাবনা—বিভিন্ন উদাহরণ তুলে ধরে তিনি দেশবাসীকে ছোট উদ্যোগের মাধ্যমে বড় পরিবর্তনের অংশ হওয়ার আহ্বান জানান।
মুম্বইয়ের কৃষ্ণ সেশাদ্রির ইতিহাসভিত্তিক ওয়েবসাইটের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির সাহায্যে ইতিহাসকে আরও সহজ ও আকর্ষণীয় করে তোলার এই উদ্যোগ প্রশংসনীয়। একইসঙ্গে চোল, আহোম, পল্লব-সহ ভারতের বিভিন্ন ঐতিহাসিক সাম্রাজ্য ও ব্যক্তিত্ব সম্পর্কে জানার গুরুত্ব তুলে ধরেন তিনি।
দেশজুড়ে ‘নশা-মুক্ত যুবা ফর বিকশিত ভারত’ অভিযানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে মোদি তরুণদের গান, নাটক, স্লোগান ও সৃজনশীল কনটেন্টের মাধ্যমে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেন।
‘পিএম স্বনিধি’ প্রকল্পের মাধ্যমে মহিলা ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক ক্ষমতায়নের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। গাজিয়াবাদের বাবিতা শর্মা ও বেঙ্গালুরুর টি.এস. নিঙ্গাম্মার সাফল্যের উদাহরণ দিয়ে তিনি বলেন, একজন মহিলার ব্যবসার উন্নতির সঙ্গে পুরো পরিবারের ভবিষ্যৎ এগিয়ে যায়।
পরিচ্ছন্নতার ক্ষেত্রে উত্তরপ্রদেশের পাটওয়াইয়ের ‘Clean-up Patwai’ দল এবং অমরনাথ যাত্রায় তীর্থযাত্রী ও সাফাইকর্মীদের ভূমিকার প্রশংসা করেন তিনি। পাশাপাশি নাগাল্যান্ডের ভেসালু পুরোর ফুলচাষ, ওড়িশার মহিলাদের বন সংরক্ষণ এবং নতুন ফসল হিসেবে অ্যাভোকাডো চাষে কৃষকদের সাফল্যের কথাও তুলে ধরেন।
মহাকাশ গবেষণায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে ‘Mission ShaktiSAT’-এর মাধ্যমে ১০৮টি দেশের ১২ হাজার ছাত্রীকে যুক্ত করার উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। ভবিষ্যতে মহিলা শিক্ষার্থীদের অংশগ্রহণে তৈরি স্যাটেলাইট চাঁদের কক্ষপথে পাঠানোর প্রস্তুতির কথা উল্লেখ করেন তিনি।
এছাড়া কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর অধ্যবসায় ও অভিনয় প্রতিভার প্রশংসা করেন। আসন্ন উৎসবের মরশুমে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে ফের ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা দেন মোদি।
বার্তা একটাই—দেশের পরিবর্তন শুধু বড় প্রকল্পে নয়, সাধারণ মানুষের ছোট ছোট উদ্যোগেও সম্ভব।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান