ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তৃণমূল স্তরে সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার ২০২৬ (National Awards for e-Governance 2026)-এ রৌপ্য পদক (Silver Award) অর্জন করেছে পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর ব্লকের অন্তর্গত বিজয়নগর গ্রাম পঞ্চায়েত।
এই জাতীয় স্বীকৃতির পাশাপাশি বিজয়নগর গ্রাম পঞ্চায়েতকে ৫ লক্ষ টাকার নগদ পুরস্কার প্রদান করা হয়েছে। এই অর্জনকে ত্রিপুরার পঞ্চায়েত ব্যবস্থার জন্য একটি গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ।
এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বর্তমান সরকারের গত ৮ বছরের মেয়াদে ত্রিপুরার পঞ্চায়েত রাজ ব্যবস্থা বিভিন্ন বিভাগ ও ক্যাটাগরিতে মোট ৪৯টি জাতীয় পুরস্কার অর্জন করেছে। তাঁর মতে, ডিজিটাল প্রশাসন, স্বচ্ছতা এবং জনমুখী পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকারের ধারাবাহিক উদ্যোগের ফলেই এই সাফল্য এসেছে।
এদিকে, বিজয়নগর গ্রাম পঞ্চায়েত ভবনের উদ্বোধনের পাশাপাশি চালু করা হয়েছে "গ্রাম বার্তা" নামে একটি অত্যাধুনিক ডিজিটাল অডিও-মেসেজিং পরিষেবা। এই ব্যবস্থার মাধ্যমে গ্রামবাসীরা সরাসরি নিজেদের মোবাইল ফোনে সরকারি প্রকল্প, উন্নয়নমূলক কর্মসূচি, বিভিন্ন সরকারি পরিষেবা এবং গুরুত্বপূর্ণ ঘোষণার নিয়মিত আপডেট পাবেন।
রাজ্য সরকারের দাবি, এই উদ্যোগ গ্রামীণ প্রশাসনকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর শাসন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারি তথ্য দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জাতীয় পর্যায়ে এই সম্মান অর্জনের ফলে ত্রিপুরার পঞ্চায়েত রাজ ব্যবস্থার সাফল্য আরও একবার দেশের দরবারে স্বীকৃতি পেল বলে মনে করছেন প্রশাসনিক মহল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান