ত্রিপুরায় গত কয়েকদিন ধরে সকালে কড়া রোদ থাকলেও বিকেল কিংবা রাতের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তন আগামী কয়েকদিনও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। সর্বাধিক ৪৫.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিপাহীজলা জেলায়। এছাড়া খোয়াইয়ে ৩৯ মিমি, গোমতীতে ৩৬.৬ মিমি, পশ্চিম ত্রিপুরায় ২১.৯ মিমি, উনকোটিতে ১৯.৯ মিমি এবং উত্তর ত্রিপুরায় ১৩.৮ মিমি বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬.৭ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গ ও ওড়িশায় পড়লেও এর পরোক্ষ প্রভাব পড়ছে ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
১১ থেকে ১৩ আগস্ট ত্রিপুরার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে বিকেল ও রাতের দিকে স্থানীয়ভাবে বজ্রঝড়ের সম্ভাবনা থাকছে।
তবে ১৪ থেকে ১৭ আগস্ট রাজ্যের জন্য কোনও বিশেষ সতর্কবার্তা জারি করা হয়নি। অর্থাৎ এই সময়ে বড় ধরনের আবহাওয়াজনিত সতর্কতার সম্ভাবনা আপাতত নেই।
এদিকে ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের দিন, বৃষ্টির তুলনায় গরম ও অতিরিক্ত আর্দ্রতাজনিত অস্বস্তিই বেশি ভোগাতে পারে রাজ্যবাসীকে। ফলে সকালে রোদ এবং দিনের বেলায় ভ্যাপসা গরমের পরিস্থিতি তৈরি হতে পারে।
আবহাওয়ার এই পরিবর্তনশীল পরিস্থিতিতে বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান