দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানে তেলিয়ামুড়া মহকুমার প্রত্যন্ত কেরলেং এলাকায় উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় মানুষের জলকষ্ট দূর করা এবং নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে এলাকা পরিদর্শন করেন এডিসির এমডিসি উৎপল দেববর্মা।
কেরলেং, সমরামপাড়া-সহ মোট তিনটি এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানে TREDA-এর সহায়তায় সৌরবিদ্যুৎচালিত ডিপ টিউবওয়েল ও পানীয় জল প্রকল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে পাহাড়ি ছড়া বা টিলা থেকে দূর-দূরান্তে গিয়ে জল সংগ্রহ করতে হয় যে সমস্যার মুখোমুখি হতে হয় স্থানীয় বাসিন্দাদের, তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, মূল পিডব্লিউডি সড়ক থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার ভেতরে অবস্থিত এই গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। গ্রামের প্রধান সড়ক সংস্কার ও উন্নয়নের জন্য ত্রিপুরা সরকারের কাছে ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান এমডিসি উৎপল দেববর্মা।
অন্যদিকে, এলাকায় আরও একটি পানীয় জল প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্পটিতে থাকা কিছু কারিগরি ত্রুটি দ্রুত মেরামত করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়দের দীর্ঘদিনের পানীয় জলের সংকট দূর করতে সৌরবিদ্যুৎচালিত প্রকল্প ও পরিকাঠামো উন্নয়নের এই উদ্যোগ প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে বলেই আশা করা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান