মনসা পূজা ও নাগ পঞ্চমীর দিন সকাল থেকেই মেঘলা আকাশ ও ঝিরঝিরে বৃষ্টিতে ভিজল ত্রিপুরা। দিনের বেলায় প্যাচপ্যাচে গরম ও অস্বস্তি বজায় থাকলেও, মাঝে মাঝেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটার গতিতে ঝাড়খণ্ড ও বিহারের দিকে এগিয়ে যাচ্ছে। নির্ধারিত সময়ের প্রায় আট ঘণ্টা আগেই নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হওয়ায় উত্তর-পূর্ব ভারতে সক্রিয় রয়েছে বর্ষার প্রভাব।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন ত্রিপুরার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বিশেষভাবে নজরে রাখা হয়েছে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলাকে। ফলে এই জেলাগুলির বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বৃষ্টি হলেও আর্দ্রতার কারণে অস্বস্তি পুরোপুরি কাটবে না।
অন্যদিকে, উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪৫–৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান