যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত হলো ইঞ্জিনিয়ার্স দিবস। মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার্স দিবসের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বর্তমান ডিজিটাল যুগে ইঞ্জিনিয়ারদের ভূমিকা আরও কার্যকর ও সময়োপযোগী করার আহ্বান জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, অতীতের কর্মপদ্ধতি ও পরিবেশ থেকে বেরিয়ে এসে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে। গত ২৫ বছর যে পরিস্থিতি ছিল, বর্তমানে তা আর নেই। রাজ্য সরকার এখন উন্নয়নের পথে এগিয়ে চলেছে। সেই উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ত্রিপুরার প্রাকৃতিক ও ভৌগোলিক পরিস্থিতির কথা উল্লেখ করে ডঃ মানিক সাহা বলেন, রাজ্যে ফিল্ড ওয়ার্ক করার জন্য কার্যত চার মাসের মতো সময় পাওয়া যায়। বছরের বাকি সময়ে বৃষ্টির কারণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ব্যাহত হয়। তাই এই চার মাসকে যথাযথভাবে কাজে লাগিয়ে দ্রুত ও সুচারুভাবে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে এবং আগামী দিনেও তা চলবে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
প্রজ্ঞা ভবনে আয়োজিত ইঞ্জিনিয়ার্স দিবসের অনুষ্ঠানে ছিল ব্যাপক উপস্থিতি। রাজ্যের বিভিন্ন দপ্তরের ইঞ্জিনিয়ার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। ডিজিটাল যুগে প্রযুক্তিনির্ভর উন্নয়নের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের আরও সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের বার্তাই উঠে আসে এদিনের অনুষ্ঠানে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান