শরতের গরমের মধ্যেই ফের সক্রিয় হয়েছে বর্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্তে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে পূর্বাভাস।
আগামীকাল বিশ্বকর্মা পুজো। পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা থাকায় উৎসবের আয়োজনে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে আগরতলায় ভারী বৃষ্টির আশঙ্কা তুলনামূলকভাবে কম। শহর ও আশপাশের এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার এই পরিস্থিতিতে তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় সর্বোচ্চ আর্দ্রতা ৯৭ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে। ফলে বৃষ্টির মধ্যেও গরম ও অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে বজ্রপাতের আশঙ্কার কথা মাথায় রেখে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্বকর্মা পুজোর আবহে একদিকে উৎসবের প্রস্তুতি, অন্যদিকে আকাশের মুখ ভার—এই দুইয়ের টানাপোড়েনেই কাটতে পারে আগামী দিনের আবহাওয়া।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান