সার্ভিস রুল সংশোধনের পরই নতুন নিয়ম চালুর ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
জিবিপি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা আপাতত কার্যকর হচ্ছে না। চিকিৎসকদের সার্ভিস রুল সংশোধনের পরেই এই নতুন নিয়ম চালু করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।
গত জানুয়ারিতে সরকারি হাসপাতালের পরিষেবা আরও জনমুখী করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়তেই অনেক চিকিৎসক ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা বন্ধ করে দেন। এর পরেই জিবিপি হাসপাতালে রোগীর চাপ কয়েকগুণ বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য দপ্তরকেও সমস্যায় পড়তে হয়।
চিকিৎসকদের পক্ষ থেকে দাবি ওঠে, প্রাইভেট প্র্যাকটিস বন্ধের আগে সার্ভিস রুল সংশোধন করে সরকারি সুযোগ-সুবিধা বাড়াতে হবে। এবার সেই দাবিতে সায় দিয়ে মুখ্যমন্ত্রী জানান, সার্ভিস রুল সংশোধনের পরেই নতুন ব্যবস্থা কার্যকর করা হবে।
শুধু অধ্যাপক চিকিৎসক নয়, চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ চিকিৎসকদের ক্ষেত্রেও প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা চালুর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। তবে তাঁদের জন্য পৃথক নিয়ম তৈরি করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিকে জিবিপি হাসপাতালে রোগীর চাপ কমাতে ইতিমধ্যেই রাজ্যের জেলা হাসপাতালগুলিতে সন্ধ্যার পর ওপিডি পরিষেবা চালু করা হয়েছে। পাশাপাশি শহরের রোগীদের জন্য আগরতলায় পুনরায় চালু করা হয়েছে ড. শ্যামাপ্রসাদ মুখার্জী আগরতলা সিভিল হাসপাতালের পরিষেবা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান