বড় বাজেটের পুজো বিভাগে প্রথম কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন, দ্বিতীয় ছাত্রবন্ধু ক্লাব
রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বুধবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল ২০২৬ সালের ‘শারদ সম্মান’ ও ‘মায়ের গমন’ অনুষ্ঠানের পুরস্কার বিতরণী। দুর্গাপুজোর আয়োজন, সৃজনশীলতা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন বিভাগের মোট ২৮টি ক্লাবকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্যে, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এ বছরের শারদ সম্মানে বড় বাজেটের পুজো বিভাগে প্রথম স্থান অর্জন করেছে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন। দ্বিতীয় স্থান অধিকার করেছে ছাত্রবন্ধু ক্লাব। পাশাপাশি নবদিগন্ত ক্লাবও এবারের শারদ সম্মানে উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে।
প্রতি বছর দুর্গাপুজোকে কেন্দ্র করে আগরতলার বিভিন্ন ক্লাবের মধ্যে মণ্ডপসজ্জা, প্রতিমা নির্মাণ, থিম ও পরিকল্পনায় বৈচিত্র্য তুলে ধরার প্রতিযোগিতা দেখা যায়। শিল্পকলা, ঐতিহ্য ও সৃজনশীলতার সমন্বয়ে পুজোকে আরও আকর্ষণীয় করে তুলতে ক্লাবগুলির এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে পুজো উদ্যোক্তাদের পরিশ্রম ও সৃজনশীলতাকে স্বীকৃতি দেওয়া হয়। একই সঙ্গে আগামী দিনে আরও সুন্দর ও সুশৃঙ্খল পুজো আয়োজনে ক্লাবগুলিকে উৎসাহিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান