শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে পরীক্ষা, অথচ প্রায় পাঁচ বছরেও ফল প্রকাশ নয়! দ্রুত ফল ঘোষণার দাবিতে ফের সরব STGT পরীক্ষার্থীরা।
চোখে একরাশ স্বপ্ন নিয়ে শিক্ষকতার পেশায় যুক্ত হওয়ার আশায় ২০২২ সালে STGT পরীক্ষায় বসেছিলেন রাজ্যের বহু শিক্ষিত যুবক-যুবতী। কিন্তু দীর্ঘ প্রায় পাঁচ বছর অতিক্রান্ত হতে চললেও এখনও প্রকাশিত হয়নি সেই পরীক্ষার ফলাফল। ফলে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে পরীক্ষার্থীদের।
পরীক্ষার্থীদের অভিযোগ, চাকরি পাওয়া তো দূরের কথা, এখনও পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর পরীক্ষার ফলাফলই ঘোষণা করতে পারেনি। এই দীর্ঘসূত্রিতা নিয়ে বিভিন্ন সময়ে আন্দোলনের পথে হেঁটেছেন তাঁরা। কিন্তু তাঁদের দাবি, সরকার কিংবা সংশ্লিষ্ট দপ্তরের তরফে এখনও পর্যন্ত কোনও সন্তোষজনক উত্তর মেলেনি।
এই পরিস্থিতিতে বুধবার ফের সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন STGT পরীক্ষার্থীরা। সাংবাদিক সম্মেলনে নিজেদের ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরে তাঁরা অভিযোগ করেন, তাঁদের সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ করা হচ্ছে।
পরীক্ষার্থীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ফলাফলের অপেক্ষায় থাকতে থাকতে তাঁদের ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। বয়স, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তৈরি হয়েছে নানা উদ্বেগ।
এদিন সাংবাদিক সম্মেলন থেকে তাঁদের একটাই দাবি উঠে আসে—আর কোনও বিলম্ব নয়, অবিলম্বে STGT ২০২২ পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। এখন দেখার, পরীক্ষার্থীদের এই দীর্ঘদিনের দাবি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও সরকার কবে সদর্থক পদক্ষেপ গ্রহণ করে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান