Friday, November 20, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য ৩৮টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের জয়ের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর প্রচার

৩৮টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের জয়ের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর প্রচার

৩৮টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের জয়ের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর প্রচার

ধর্মনগরে রোড শো, পানিসাগরে জনসভা—উন্নয়নের খতিয়ান তুলে ধরে জনসমর্থনের আহ্বান মুখ্যমন্ত্রী মানিক সাহার।

পানিসাগর নগর পঞ্চায়েতের ১৩টি এবং ধর্মনগর পুর পরিষদের ২৫টি ওয়ার্ড, সব মিলিয়ে ৩৮টি আসনে বিজেপি মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এদিন ধর্মনগরে রোড শো করেন তিনি। পাশাপাশি পানিসাগরে এক জনসভায় অংশ নিয়ে দলীয় প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্ম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং আগামী দিনে আরও শক্তিশালী ত্রিপুরা গড়ে তুলতে জনগণের আশীর্বাদ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী দাবি করেন, বিজেপি সরকারের আমলে এখনও পর্যন্ত ২৪ হাজার নিয়মিত সরকারি চাকরি প্রদান করা হয়েছে। পাশাপাশি রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিক পরিষেবার মানোন্নয়নে বর্তমান সরকারের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

এদিন বিরোধীদের সমালোচনা করতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, দলীয় কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই এ ধরনের কর্মকাণ্ড করছেন কংগ্রেস বিধায়ক। ভোট দিতে না পারার অভিযোগ প্রসঙ্গে বিরোধী দুই দলের বক্তব্যের সমালোচনা করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, যদি মানুষ ভোটই দিতে না পারেন, তাহলে রাজ্যে ৮০ থেকে ৮৫ শতাংশ ভোট পড়ল কীভাবে?

জনসভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিনয় ভূষণ দাস, উত্তর ত্রিপুরার প্রভারি অভিজিৎ দেব, জেলা সভাপতি কাজল দাস-সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মীরা।

বিরূপ আবহাওয়া উপেক্ষা করেই পানিসাগরের জনসভা এবং ধর্মনগরের রোড শোতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha