Monday, November 23, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য আগরতলায় মুখোশধারী যুবকদের মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

আগরতলায় মুখোশধারী যুবকদের মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

আগরতলায় মুখোশধারী যুবকদের মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

রামনগরে বিজেপির নির্বাচনী প্রচারে মুখোশ পরা যুবকদের মিছিল ঘিরে আতঙ্কের অভিযোগ, রাজনৈতিক অশান্তির আশঙ্কা সিপিআইএম-কংগ্রেসের; তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী ও নির্বাচন কমিশনের।

পুর নির্বাচনকে সামনে রেখে আগরতলার রামনগর এলাকায় বিজেপির নির্বাচনী প্রচারে মুখোশ পরা যুবকদের মিছিল ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। শনিবারের এই মিছিলকে কেন্দ্র করে শহরজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ তুলেছে সিপিআইএম। ঘটনায় সোমবার রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তাঁর নেতৃত্বে দলের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি আসন্ন পুর নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অশান্তির আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

সিপিআইএমের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবারই পুলিশকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

অন্যদিকে, বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মানিক সাহা। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর দেখার পর তিনি দলীয়ভাবে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বলে জানান। পাশাপাশি প্রশাসনিক স্তরেও ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের অভিযোগ, ভয় দেখিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ন্ত্রণের চেষ্টা করছে বিজেপি। একইভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার অভিযোগ, বহিরাগতদের ব্যবহার করে নির্বাচনে ভোট নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে শাসক দল।

ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত তদন্তে উল্লেখযোগ্য কোনও অগ্রগতির খবর পাওয়া যায়নি। বিরোধী দলগুলি সরব হলেও এই ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, শনিবার রামনগরে বিজেপির ওই মিছিলে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, রামনগরের বিধায়ক দীপক মজুমদার-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

পুর নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এখন দেখার, তদন্তে কী তথ্য উঠে আসে এবং নির্বাচন কমিশন পরবর্তী সময়ে কী পদক্ষেপ গ্রহণ করে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha