শিক্ষক দিবসকে সামনে রেখে আগামী ৫ সেপ্টেম্বর দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্স (SRCC)-এ ‘জেন জি’ তথা তরুণ প্রজন্মের পড়ুয়াদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে শুধু ভাষণ নয়, পড়ুয়াদের বিভিন্ন সমস্যা, মতামত ও পরামর্শও সরাসরি শুনবেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি নিট পরীক্ষা নিয়ে বিতর্ক এবং দিল্লিতে ছাত্র আন্দোলনের মতো ঘটনাকে ঘিরে তরুণ প্রজন্মের সঙ্গে কেন্দ্রীয় সরকারের তৈরি হওয়া দূরত্ব কমাতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। তরুণদের ভাবনা ও সমস্যাগুলি সরাসরি শোনার মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করার লক্ষ্য রয়েছে প্রধানমন্ত্রীর।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই উদ্যোগের পিছনে রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। ২০২৭ সালে পাঞ্জাব, গুজরাট ও উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের আগে ‘জেন জি’ ভোটারদের কাছে পৌঁছে তাঁদের সমর্থন আদায়ের কৌশলের অংশ হিসেবেও প্রধানমন্ত্রীর এই সরাসরি সংলাপকে দেখা হচ্ছে।
তরুণ প্রজন্মের কাছে পৌঁছতে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁর ভিডিও ও বার্তা তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ডিজিটাল মাধ্যমে সক্রিয় উপস্থিতির পাশাপাশি এবার সরাসরি কলেজ ক্যাম্পাসে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথোপকথনের উদ্যোগ নতুন মাত্রা যোগ করতে চলেছে।
আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের বিশেষ আয়োজনে দিল্লির কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে চলা এই ‘মন কি বাত’-এ তাই নজর থাকবে প্রধানমন্ত্রী ও তরুণ পড়ুয়াদের সরাসরি কথোপকথনের দিকে। শিক্ষাক্ষেত্র, পরীক্ষা, কর্মসংস্থান থেকে শুরু করে তরুণদের বিভিন্ন প্রত্যাশা ও সমস্যার কতটা প্রতিফলন এই আলোচনায় উঠে আসে, সেটিই এখন দেখার।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান