আগামী ২৮ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনের দিন বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন পুলিশ, টিএসআর-সহ অন্যান্য সরকারি কর্মীরা। তাঁদের ভোটাধিকার নিশ্চিত করতে মঙ্গলবার তেলিয়ামুড়া আরডি ব্লকে শুরু হয় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ।
তেলিয়ামুড়া আরডি ব্লকের বিডিও তথা ভিলেজ কাউন্সিল নির্বাচনের রিটার্নিং অফিসার বিপ্লব আচার্যের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে তেলিয়ামুড়া ব্লক থেকে নির্বাচনী দায়িত্বে রয়েছেন মোট ৫২ জন ভোটার। তাঁদের মধ্যে ৫১ জন পুলিশ ও টিএসআর কর্মী এবং একজন অন্যান্য নির্বাচনী দায়িত্বে থাকা কর্মী।
মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয় ব্যালট ভোটগ্রহণ। সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত মোট ১২টি ভোট পড়েছে বলে জানা গেছে। বুধবারও একইভাবে এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে।
নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের জন্য আয়োজিত এই ব্যালট ভোটগ্রহণকে ঘিরে তেলিয়ামুড়া আরডি ব্লক কার্যালয় চত্বরে ছিল প্রশাসনিক তৎপরতা। পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার বিপ্লব আচার্য।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান