Friday, September 25, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য দুর্গাপূজায় যানজট নিয়ন্ত্রণে বিশেষ প্রস্তুতি, আগরতলা শহরে বাড়ছে ট্রাফিক নজরদারি

দুর্গাপূজায় যানজট নিয়ন্ত্রণে বিশেষ প্রস্তুতি, আগরতলা শহরে বাড়ছে ট্রাফিক নজরদারি

দুর্গাপূজায় যানজট নিয়ন্ত্রণে বিশেষ প্রস্তুতি, আগরতলা শহরে বাড়ছে ট্রাফিক নজরদারি

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি শুরু করেছে ট্রাফিক দপ্তর। পূজার দিনগুলিতে শহরে যানবাহন ও পথচারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। সেই কথা মাথায় রেখে ইতিমধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ও যানজটপ্রবণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ শুরু হয়েছে।

এ বিষয়ে শুক্রবার এডি নগরস্থিত ট্রাফিক ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দুর্গাপূজার সময়কার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ট্রাফিক এসপি কান্তা জাঙ্গীর। সাংবাদিক সম্মেলনে তিনি যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, পার্কিং ব্যবস্থা, ট্রাফিক নিয়মাবলী এবং ই-চালান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এদিন আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানজটের সমস্যা নিয়েও আলোচনা করেন ট্রাফিক এসপি। বিশেষ করে নাগেরজলা ব্রিজ, সিটি সেন্টার এবং ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় যানবাহনের অতিরিক্ত চাপ সামলাতে ট্রাফিক দপ্তরের পরিকল্পনার কথা তুলে ধরা হয়। পূজার দিনগুলিতে পরিস্থিতি অনুযায়ী এসব গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

অন্যদিকে, শহরের বিভিন্ন বাজার এলাকায় অবৈধ পার্কিং, নো-এন্ট্রি ও ওয়ান-ওয়ে নিয়ম অমান্য এবং রাস্তার উপর দীর্ঘ সময় ভারী যানবাহন দাঁড়িয়ে থাকার বিষয়েও বিশেষ গুরুত্ব দিচ্ছে ট্রাফিক দপ্তর।

সম্প্রতি মহারাজগঞ্জ বাজারে ব্যবসায়ী, বাজার কমিটি ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে যানজটের মূল কারণগুলি চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গাপূজার সময়ে যাতে যানজটের কারণে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে না হয়, সেজন্য পরিস্থিতি অনুযায়ী ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি আরও জোরদার করা হবে বলে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha