কোনও অবস্থাতেই এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না, জড়িতদের রেয়াত নয়—স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী।
আগরতলা: খয়েরপুর ও কমলপুরের সাম্প্রতিক ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। রবিবার আগরতলায় বিজেপির প্রদেশ কার্যালয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, খয়েরপুরের ঘটনার বিষয়টি সংবাদপত্রে তাঁর নজরে এসেছে। ঘটনাটি কোনও অবস্থাতেই মেনে নেওয়া যায় না।
মুখ্যমন্ত্রী বলেন, অভিযোগ সত্যি হলে যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে কমলপুরের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তবে ওই ঘটনার সম্পূর্ণ বিবরণ এখনও তাঁর কাছে পৌঁছায়নি বলে জানান মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিস্তারিত খোঁজখবর নেবেন বলেও আশ্বাস দেন।
মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, এই ধরনের ঘটনার সঙ্গে যারাই যুক্ত থাকুক না কেন, কাউকেই রেয়াত করা হবে না। আইন অনুযায়ী প্রত্যেকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুটি ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে প্রশাসনিক তদন্ত ও আইনানুগ পদক্ষেপের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান